
অনলাইন ডেস্ক: হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে এরই মধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত বলেছেন, আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকারের নেতৃত্বে কাজ চলছে। স্বাস্থ্য খাতে জনগণের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা এ কর্মসূচিতে সহযোগিতা করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দুই কোটি শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে।
দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরও কর্মসূচি থেমে নেই জানিয়ে ডা. মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, কোনো শিশুকে যেন টিকাদান থেকে বাদ পড়তে না হয়, সে লক্ষ্যেই এবারের কার্যক্রমকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় দূরবর্তী এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত চরাঞ্চলের শিশুদের কাছেও পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে। সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া কর্মসূচি সফল করা সম্ভব হতো না উল্লেখ করে তিনি স্বাস্থ্যকর্মী, সিটি করপোরেশন এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, বাধা বা চ্যালেঞ্জ থাকলেও সরকার জনগণ এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে জনগণের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন