
অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১৩৫ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া অভিযানে ৭ অক্টোবর পর্যন্ত মোট ৭৮৮ জনকে আটক করা হয়েছে। সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এর আগে আটক ৬৫৩ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৪৭ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ২০৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলায় প্রায় অর্ধশতাধিক কিশোর গ্যাং চক্র রয়েছে এবং এসব চক্রের সদস্য সংখ্যা এক হাজারের বেশি বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এসব চক্রের মূল হোতাদের আটক করা যায়নি।
দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা এবং কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার আবু তারেক বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে অভিযান চলছে। কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন