শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আগামী ২৬ অক্টোবর।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামি নাঈম ও সাজ্জাত অন্য আদালতে থাকা মামলায় হাজির থাকায় তাদের আদালতে আনা হয়নি। পরে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দেওয়ার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

২০২৪ সালের ৩১ আগস্ট নিহত হোসেনের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি করেন। মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে হোসেন নিহত হন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার আসামিদের অবস্থা

মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান এবং নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। এছাড়া মামলায় ১০ জন জামিনে রয়েছেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box