শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এয়ারবাসের সঙ্গে চুক্তি শুধু উড়োজাহাজ কেনায় সীমাবদ্ধ নয়: ফ্রান্সের রাষ্ট্রদূত

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের চুক্তি উড়োজাহাজ কেনার পাশাপাশি এভিয়েশন খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের সূচনা করবে।
এয়ারবাসের সঙ্গে চুক্তি শুধু উড়োজাহাজ কেনায় সীমাবদ্ধ নয়: ফ্রান্সের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেছেন, বাংলাদেশ বিমান ও এয়ারবাসের মধ্যে চুক্তি শুধু উড়োজাহাজ কেনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি এভিয়েশন খাতে দীর্ঘমেয়াদি ও বৃহত্তর অংশীদারিত্বের সূচনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, চুক্তিটি উড়োজাহাজ কেনার চেয়েও বড় পরিসরের সহযোগিতার সুযোগ তৈরি করেছে।

তিনি জানান, নতুন উড়োজাহাজগুলো সময়মতো বহরে যুক্ত করা এবং বাণিজ্যিকভাবে পরিচালনা নিশ্চিত করতে এয়ারবাস প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশল সহায়তাসহ একটি সমন্বিত সহায়তা প্যাকেজ দেবে।

চুক্তির আওতায় ১০ উড়োজাহাজ

চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইড-বডি উড়োজাহাজ এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি জেট সংগ্রহ করবে। দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৃহত্তর সহযোগিতার সম্ভাবনা

রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস বাংলাদেশের বৃহত্তর এভিয়েশন ইকোসিস্টেম শক্তিশালী করতে বিমান ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে তিনি দক্ষতা উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, ব্র্যান্ডিং এবং বহর পরিকল্পনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ন্যারো-বডি ও ওয়াইড-বডি উড়োজাহাজের সমন্বয় বিমানকে আঞ্চলিক ও দূরপাল্লার রুট পরিচালনায় অধিকতর নমনীয়তা দেবে। এ ধরনের বহর জ্বালানি সাশ্রয়, প্রতি আসন-মাইলে ব্যয় কমানো এবং এয়ারবাস পরিবারের উড়োজাহাজগুলোর মধ্যে সামঞ্জস্য বাড়াতে পারে বলেও তিনি জানান।

সেরে-শারলে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে ফ্রান্স ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে। বাংলাদেশের আধুনিকায়ন ও প্রবৃদ্ধিতে, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে, ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

এয়ারবাসের সঙ্গে চুক্তি এবং পৃথকভাবে ২৫টি বোয়িং উড়োজাহাজ সংগ্রহের চুক্তিসহ বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের পাইপলাইনে এখন মোট ৩৫টি জেট রয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box