
অনলাইন ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বিএনপি সরকার একটি নিরপেক্ষ, সৎ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে।
৮ অক্টোবর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার সচেষ্ট। ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হলে দেশের সিভিল সার্ভিস আবারও ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘ ফ্যাসিজমের কারণে সরকারি কর্মকর্তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এবং দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের রাজনৈতিক বিষয় বাস্তবায়ন করা সিভিল সার্ভিসের কাজ নয়; কর্মকর্তাদের দায়িত্ব সরকারের নীতি বাস্তবায়ন করা। ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। দেশ গড়ার দায়িত্ব কর্মকর্তাদের।
আব্দুল বারী বলেন, ভঙ্গুর অর্থনীতির ওপর সরকার প্রতিষ্ঠিত হলেও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শত শত মানুষ জীবন দিয়েছেন, কারণ তারা চেয়েছেন দেশে আর যেন বৈষম্য ফিরে না আসে। নিজের জন্য কী পাওয়া গেল, তার চেয়ে সমাজকে কী দেওয়া গেল—এটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। সব ক্ষেত্রে সততা ও দক্ষতাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ উল আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও অনুবিভাগের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত