
অনলাইন ডেস্ক: রংপুর মহানগরীর অবকাঠামোগত উন্নয়নে ১,৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর সিটি এলাকার অবকাঠামো উন্নয়নে ১,৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে ২১০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় হবে।
৭ অক্টোবরের একনেক সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
প্রকল্প অনুমোদনের পর মুঠোফোনে বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় রংপুর সিটি কর্পোরেশনের (আরপিসিসি) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, রংপুরের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক মাইলফলক।
আরপিসিসি প্রশাসকের দাবি, প্রকল্প দুটি রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধান, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মতে, প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর সিটি কর্পোরেশনকে আধুনিক, পরিচ্ছন্ন, সুপরিকল্পিত ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরের পথ সুগম হবে।
রংপুরের মানুষের উন্নয়ন ও এই অঞ্চলের অগ্রগতির জন্য প্রকল্প অনুমোদন দেওয়ায় তিনি নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে মহানগরীর উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন।
প্রশাসক বলেন, বরাদ্দকৃত অর্থ ব্যবহারে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উন্নয়ন কর্মকাণ্ডে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এদিকে রংপুর মহানগরীর জন্য বড় অঙ্কের বরাদ্দ আসায় সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। রিকশাচালক মমতাজ হোসেন ও কলেজছাত্র মুহাইমেনুল ইসলাম প্রকল্প অনুমোদনের জন্য সরকারের প্রতি সন্তোষ ও ধন্যবাদ জানান।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন