শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ

অনলাইন ডেস্ক: নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এর আগে নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় সংশ্লিষ্টদের নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, যা নিরাপত্তা বিঘ্নিত করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ কারণে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে প্রবেশকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এনআইডি কার্ড অথবা অফিসিয়াল পরিচয়পত্র দেখাতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box