
অনলাইন ডেস্ক: সড়ক পরিবহনে দীর্ঘদিনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, আইনবহির্ভূত কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, ছাত্র রাজনীতির পটভূমি থেকে আসা এসব নেতা নতুন চিন্তা ও ধারণা প্রয়োগ করে সড়ক পরিবহন খাতের অচলাবস্থা নিরসন, পরিবহন খাতকে আইনসংগত করা এবং যাত্রীসেবায় দৃষ্টান্তমূলক অবদান রাখতে পারবেন।
রিজভী আরও বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সড়ক পরিবহন খাতের দুরবস্থা ও বেহাল দশা থেকে দেশের মানুষকে নতুন ব্যবস্থাপনা দেওয়া সম্ভব হবে। এতে মানুষের আস্থা বাড়বে এবং যাতায়াতে নিরাপত্তা ও স্বস্তি আসবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন