
অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জ, ৮ অক্টোবর, ২০২৬ (বাসস): জেলার কুলিয়ারচর উপজেলায় পুকুরে ডুবে ৩ বছর বয়সী মাইশা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে এসেছিল মাইশা। সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকার সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।
কিছুক্ষণ পর মাইশাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এবং পরে তা উদ্ধার করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন