শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কুমিল্লায় সচেতনতামূলক র‌্যালি হয়েছে। চোখের যত্ন ও নিয়মিত চিকিৎসার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

অনলাইন ডেস্ক: ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কুমিল্লায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর ঝাউতলা এলাকা থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালিতে জেলার বিভিন্ন চক্ষু চিকিৎসক অংশ নেন। চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চোখের সমস্যায় দ্রুত চিকিৎসার পরামর্শ

র‌্যালি শেষে টাউন হল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত সচেতনতা ও সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি। চোখের ছোটখাটো সমস্যাকে অবহেলা করলে তা পরবর্তী সময়ে জটিল আকার ধারণ করতে পারে।

শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে জটিলতা এড়ানো সম্ভব বলেও জানান বক্তারা। তারা বলেন, ‘আপনার চোখকে ভালোবাসুন’ বার্তাটি শুধু বিশ্ব দৃষ্টি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখের যত্নের বিষয়ে সচেতন হতে হবে। দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত চোখ পরীক্ষা করানোর ওপরও গুরুত্ব দেন তারা।

সভায় বক্তব্য রাখেন ওএসবি কুমিল্লার উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজাম উদ্দিন আহামেদ, সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এ এম আনিছুর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা. নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম ও কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞা।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box