
অনলাইন ডেস্ক: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবস্থিত প্রায় ২ হাজার ৭৩৭ একর বিস্তৃত দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাব সরকার বিবেচনা করবে।
বৃহস্পতিবার বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় মহেশপুর ও কোটচাঁদপুরের সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে অ্যাটর্নি-জেনারেল দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব তুলে ধরেন। কৃষিমন্ত্রী প্রস্তাবটি মনোযোগ দিয়ে শোনেন এবং কৃষিকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন-ভাবনার সঙ্গে এর সামঞ্জস্যের কথা বলেন।
কৃষিমন্ত্রী তার সুবিধাজনক সময়ে দত্তনগর কৃষি ফার্মসহ মহেশপুর ও কোটচাঁদপুরের কৃষি অঞ্চল পরিদর্শনের আশ্বাস দেন।
অ্যাটর্নি-জেনারেল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি উঠে আসে। তার মতে, এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষিনির্ভর বাংলাদেশের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি তরুণদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় কৃষি ও অর্থনীতির বিকাশ ঘটবে।
তিনি জানান, মহেশপুর ও কোটচাঁদপুরের মাটি উর্বর। এ অঞ্চলে ধান, সবজি, আম, আঙুর, ড্রাগন ফল, পেয়ারা ও কলাসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে। তবে পর্যাপ্ত হিমাগার ও আধুনিক সংরক্ষণব্যবস্থা না থাকায় কৃষকেরা সমস্যায় পড়ছেন। এ কারণে কৃষিপণ্য, বিশেষ করে ফলমূল সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার ও হিমাগার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
কৃষিমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে অ্যাটর্নি-জেনারেল কৃষি সচিব মো. সেলিম খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করার প্রস্তাব উপস্থাপন করলে কৃষি সচিব ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া উভয় সাক্ষাতে কোটচাঁদপুরের বলুহর মৎস্য প্রজনন ও গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে রূপান্তরের বিষয়টিও উত্থাপন করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে সুপারিশ পাঠানোর আশ্বাস দেওয়া হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত