
অনলাইন ডেস্ক: আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী শান্তিপূর্ণভাবে বসবাসের শহর। পূজা উদযাপন যাতে ভালোভাবে করা যায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় পূজা উপলক্ষে সংশ্লিষ্টদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উৎসবের আনন্দে বাড়ির পাশের কোনো দরিদ্র ও অসহায় শিশু যেন খাবার বা নতুন পোশাকের জন্য কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। পুলিশ প্রশাসনসহ সবাই পাশে আছে বলেও জানান তিনি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বক্তব্য দেন।
সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন