
অনলাইন ডেস্ক: নওগাঁয় এ বছর ৮৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। জেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলছে।
গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৩২টি। গত বছর জেলায় ৮০২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
উপজেলাভিত্তিক হিসাবে নওগাঁ সদর উপজেলায় ১২৮টি, সাপাহারে ২০টি, পোরশায় ১৯টি, নিয়ামতপুরে ৫৫টি, ধামইরহাটে ৩১টি, পত্নীতলায় ৮৫টি, মহাদেবপুরে ১৫৯টি, বদলগাছীতে ১০৮টি, মান্দায় ১২৫টি, রানীনগরে ৫০টি এবং আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। নওগাঁ সদর উপজেলার ১২৮টি মণ্ডপের মধ্যে পৌর এলাকায় রয়েছে ৫৮টি।
নওগাঁ জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ কুমার বলেন, জেলায় এবার পূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপদে দুর্গাপূজা আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে সভা হয়েছে।
তিনি জানান, প্রতিটি মণ্ডপে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মোবাইল টিমের মাধ্যমে সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন