
অনলাইন ডেস্ক: মাদারীপুর, ৯ অক্টোবর ২০২৬: একসময় জেলা শহরের সৌন্দর্যের অন্যতম প্রতীক ছিল ঐতিহ্যবাহী শকুনি লেক। নানা অব্যবস্থাপনা, যত্রতত্র ময়লা-আবর্জনা, ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য ও অবৈধ স্থাপনার কারণে লেকটির নান্দনিকতা ও পরিবেশ হুমকির মুখে পড়ায় তা রক্ষায় সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শকুনি লেকের বর্তমান অবস্থা, পরিবেশদূষণ, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা এবং লেকপাড়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা লেকের জায়গা দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শকুনি লেক শুধু একটি জলাশয় নয়; এটি মাদারীপুরের দীর্ঘদিনের ঐতিহ্য, সৌন্দর্য ও নাগরিক জীবনের অংশ। এ ঐতিহ্য রক্ষার দায়িত্ব প্রশাসনের পাশাপাশি লেকপাড়ের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, দর্শনার্থীসহ সব নাগরিকের।
লেকের ভেতরে ও পাড়ে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা এবং পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে এমন স্থাপনা ও কর্মকাণ্ড চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
সচেতন নাগরিকদের প্রতিনিধিরা বলেন, শকুনি লেক রক্ষায় শুধু আলোচনা নয়, বাস্তবভিত্তিক ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন। তারা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, সচেতনতামূলক সাইনবোর্ড লাগানো এবং পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ওপর জোর দেন। পাশাপাশি লেকের জায়গা দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুল আলম, মুক্তিযোদ্ধা ও চিকিৎসক ডা. গোলাম সরোয়ার, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল রিজভী, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, বাইজিদ মিয়াসহ সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন