শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম, ৯ অক্টোবর ২০২৬: শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে কম্পিউটার, প্রযুক্তি, ডিজিটাল পদ্ধতিতে শেখা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না; ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন।

মন্ত্রী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাদের অর্জনের পেছনে পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা, উন্নয়ন ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

স্কুলের গ্রন্থাগার আগের মতো কার্যকর না থাকায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে অগ্রাধিকার দিতে হবে। স্কুলে কম্পিউটার ল্যাব না থাকায় বিস্ময় প্রকাশ করে তিনি সেখানে কম্পিউটার ল্যাব স্থাপনের কথা জানান।

এর আগে সকালে নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। তিনি চট্টগ্রাম নগরীতে আরও চার-পাঁচটি সাইকেল চলাচলের পথ নির্মাণের জন্য মেয়রকে অনুরোধ করেন।

এ ছাড়া নগরীর খালগুলোর দুই পাশে সম্ভব হলে হাঁটার পথ নির্মাণ, নারী-পুরুষের হাঁটা ও দৌড়ানোর সুযোগ তৈরি এবং শরীরচর্চার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box