
অনলাইন ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রায়হানুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফিরোজ আলী, আনসার কমান্ডার এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুজ্জামান বলেন, যুবসমাজকে দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে খুশি খাতুন বলেন, দক্ষ মানবসম্পদ গঠন এবং সমাজসেবামূলক কাজে তরুণদের অংশগ্রহণ বাড়ানো তাঁদের মূল লক্ষ্য। প্রশিক্ষণ সফলভাবে শেষ করায় তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী ৮০ জনের হাতে সনদপত্র দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
সমাপনী পর্বে কলেজ প্রাঙ্গণে ১০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের অংশগ্রহণে সেখানে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হয়।
কলেজ কর্তৃপক্ষ ও প্রশিক্ষণার্থীরা এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন