
অনলাইন ডেস্ক: চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছ ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় অভিযান চালানো হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।
ইলিশ মজুতের অপরাধে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম ও মো. রফিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত