
অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী এলজিইডি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অভিযানের অংশ হিসেবে এলজিইডি কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল, সিনিয়র সহকারী প্রকৌশলী কমল কান্তি পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশসহ জেলা প্রশাসন ও এলজিইডির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার বংশ বিস্তার রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পাশাপাশি কোথাও পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে এলজিইডি কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনের পর জেলা প্রশাসক এলজিইডি কার্যালয়ে স্থাপিত সরকারের অগ্রাধিকারমূলক সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন এবং এলজিইডি প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত