
অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের তাড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় একটি পরিবারের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের মোড়ারকান্দি-মেছগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মেছগাঁও গ্রামের চাঁনফর আলীর ছেলে কামাল উদ্দিন (৫৫) এবং জামাল উদ্দিনের ছেলে জলক মিয়া (২১)।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কামাল উদ্দিনের বাম পায়ের রগ কেটে দেন। জলক মিয়াকেও এলোপাতাড়ি কুপিয়ে মাথায় গুরুতর জখম করা হয়।
তাড়াইল থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাউতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মেছগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে হলুদ মিয়া (৪০), তারু মিয়ার ছেলে আশরাফুল (৪৫) ও মহন (২৬), ছামছু মিয়ার ছেলে সুমন মিয়া (৩৩), লিমন মিয়া (১৯) ও বাবু মিয়া, নূর ইসলামের ছেলে আনু মিয়া এবং করিম লাল মিয়ার ছেলে আমিন মিয়া (৪৫)সহ কয়েকজন রামদা ও কিরিচ নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত দুজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হারুনা বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৯ অক্টোবর) মামলা করা হয়েছে। মামলার নম্বর ৫। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
সূত্র: Daily Amader Matribhumi
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত