শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব শুরু

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর রামকৃষ্ণ মিশন ও আশ্রম প্রাঙ্গণে দুই দিনব্যাপী মহালয়া উৎসব শুরু হয়েছে।
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব শুরু

অনলাইন ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব শুরু হয়। ছবি: বাসস

পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনাকে সামনে রেখে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর রামকৃষ্ণ মিশন ও আশ্রম প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়েছে। মাতৃসংগীত, নৃত্য ও ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন এবং মহালয়ার মাহাত্ম্য উদযাপন করছে সনাতনী ঐক্য পরিষদ।

শুক্রবার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ। সনাতনী ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অব. অধ্যক্ষ পরিমল কান্তি দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ তালুকদার শুভ্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সাধারণ সম্পাদক চন্দন কুমার রায় এবং সনাতনী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানস কান্তি তালুকদার। এ সময় সংগঠনের নেতাকর্মী, ভক্ত ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহালয়া উৎসব মানুষের মধ্যে জাগরণ ও আনন্দের প্রতীক। তারা প্রয়াত মা-বাবা ও পূর্বপুরুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান।

স্বামী হৃদয়ানন্দ মহারাজ বলেন, মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। মহাশক্তির আরাধনার মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ ঘটুক—এটাই মহালয়ার শিক্ষা বলে তিনি উল্লেখ করেন।

বক্তারা জানান, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মহালয়ার তাৎপর্য ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। দেবীর আগমনকে বরণ করার পাশাপাশি অশুভ শক্তির বিনাশ ও ভক্তদের কল্যাণ কামনা করা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box