
অনলাইন ডেস্ক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা বিদ্যমান অবস্থা থেকে বাড়িয়ে এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধান এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন।
মন্ত্রী বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি।
চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারি মেডিকেল কলেজের যন্ত্রপাতি যেন অবহেলা ও অযত্নে দ্রুত নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে। নির্ধারিত কার্যকাল পর্যন্ত যন্ত্রপাতির কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় যত্ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের রোগীদের শারীরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা, যথেষ্ট সময় দেওয়া এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তাঁর মতে, চিকিৎসাসেবায় দক্ষতার পাশাপাশি মানবিকতা ও সহমর্মিতাও গুরুত্বপূর্ণ।
পরিবেশদূষণ ও খাদ্যের গুণগত মান মানুষের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর কীটনাশক নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
চিকিৎসকদের শুধু ওষুধ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে কীভাবে সুস্থ থাকা যায়, সে বিষয়ে রোগীদের সচেতন করার আহ্বান জানান মন্ত্রী। নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কেও মানুষকে পরামর্শ দিতে বলেন তিনি।
নতুন চিকিৎসকদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার কথাও বলেন তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: Daily Amader Matribhumi
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত