
অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে গেছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ, স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রত্যাশায় শহীদ জেহাদসহ অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে এসে জেহাদ স্বৈরাচারী সরকারের গুলিতে প্রাণ হারান বলেও উল্লেখ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমান উল্লাহ আমান। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব ও খন্দকার লুৎফর রহমান। সভা সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
রিজভী বলেন, ১৯৯০ সালের ছাত্র গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতন ঘটে। ওই আন্দোলনে শহীদ জেহাদ, ড. মিলনসহ অসংখ্য ছাত্রনেতা ও আন্দোলনকর্মী জীবন উৎসর্গ করেন। তাদের ত্যাগ পরবর্তী প্রজন্মের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থান দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের ধারাবাহিকতার অংশ। অতীতের দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করে উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত