
অনলাইন ডেস্ক: মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম বলে সতর্ক করেছেন শায়খ আবদুর রহমান আস সুদাইস। প্রযুক্তিকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করার জন্য তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং মানুষের কণ্ঠ নকলের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শায়খ সুদাইস বলেছেন, এ ধরনের প্রতারণামূলক কাজ ইসলামী শরীয়াহ অনুযায়ী নিষিদ্ধ এবং মিথ্যাচারের অন্তর্ভুক্ত।
প্রযুক্তি ব্যবহার করে অন্যকে প্রতারিত করা, কারও রূপ ধারণ করা অথবা কেউ দেননি—এমন মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।
তবে শায়খ সুদাইস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সরাসরি নিন্দা করেননি। আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে মহান আল্লাহর নিয়ামত হিসেবে উল্লেখ করে তিনি এগুলো দায়িত্বশীলতার সঙ্গে ভালো বা জনকল্যাণমূলক কাজে ব্যবহারের আহ্বান জানান।
তিনি বলেন, যাচাইহীন তথ্য গুজবকে উসকে দেয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট করে, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে এবং জনসাধারণের বিশ্বাস ক্ষুণ্ন করে।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন