
অনলাইন ডেস্ক: বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি মামলায় চারজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ সময়ে এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জালগুলো জব্দ করে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
ফরিদা সুলতানা বলেন, মা ইলিশ সংরক্ষণে জেলেদের আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সতর্ক করার পরও কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য অফিস জানিয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন