
অনলাইন ডেস্ক: রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী যানবাহন মেরামত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় সদর জোন মাঠের প্রশিক্ষণ শেডে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত পিএসসি।
অনুষ্ঠানে সদর জোনের ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর জোন কমান্ডার বলেন, সেনাবাহিনী পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ি-বাঙালিসহ সব সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে।
তিনি বলেন, পাহাড়ি এলাকায় যানবাহনের সুরক্ষায় দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের বেকারত্ব সমস্যা সমাধানে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন