শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

রাজবাড়ীতে ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক: জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সোমবার রাজবাড়ী জেলা বালিকা বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা স্কুলে গিয়ে শেষ হয়।

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

র‌্যালি শেষে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা মো. আজমিরী হোসেন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সদর আলী এবং রাজবাড়ী শিশু একাডেমির জেলা কর্মকর্তা বিমল বিশ্বাস।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাল্যবিয়ে বন্ধ করা গেলে কন্যাশিশুর শিক্ষা, দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। প্রতিটি মেয়ের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে চলাফেরা, পড়াশোনা, মত প্রকাশ এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে।

তিনি কন্যাশিশুর অধিকার রক্ষায় বাল্যবিয়ে প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা দেশের টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার গভীর সম্পর্ক রয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box