শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের

নারীর টেকসই ক্ষমতায়নে প্রশিক্ষণের পাশাপাশি পরিবারকে সম্পৃক্ততা, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও অধিকার সচেতনতার ওপর জোর দিয়েছেন ববি হাজ্জাজ।
নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের

অনলাইন ডেস্ক: নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু পেশাগত প্রশিক্ষণ বা কর্মসংস্থানের সুযোগ যথেষ্ট নয়; এর সঙ্গে ব্যক্তিগত আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘হার স্কিলস, হার ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের চাহিদাভিত্তিক পেশাগত ও জীবনমুখী দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে তোলাই প্রকল্পটির মূল লক্ষ্য।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একজন নারীকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বিশেষ করে গ্রামীণ ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করে কর্মপরিকল্পনা নিতে হবে। পরিবারকে সঙ্গে নিয়ে কাজ করলে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথ আরও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ব্যক্তিগত, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষমতায়নের দিকগুলো আলাদাভাবে চিহ্নিত করে সমন্বিত কর্মসূচি তৈরি করা প্রয়োজন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আগে নারীর অধিকারবোধ ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গড়ে তুলতে হবে। পাশাপাশি পণ্যের গুণাগুণ তুলে ধরা এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যোগাযোগ দক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়ানোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরিবারের সামাজিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক সময় মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়।

ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box