শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় খুলনায় কলেজ ছাত্র নিহত

খুলনার জোড়াগেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় খুলনায় কলেজ ছাত্র নিহত

অনলাইন ডেস্ক: খুলনার জোড়াগেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলভী নগরীর খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা। তার বাবা বাবুল আক্তার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আলভী। এ সময় মোটরসাইকেলসহ পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা লাগলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলভীর খালা পরিচয় দেওয়া এক নারী জানান, আলভী এবার খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছেন। তবে দুর্ঘটনার রাতে তিনি কেন বা কী কাজে বাইরে গিয়েছিলেন, তা তিনি জানেন না।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী পলাশ জানান, রাতে পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। এটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আলভীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box