
অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘ঘর থেকেই শুরু হোক সহনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের আয়োজনে এবং এসডিএসসি প্রকল্পের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের আগে সঠিক প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন সুরক্ষা নিশ্চিত করা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণ বাড়াতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান, সদস্য তৌহিদুল ইসলাম মামুন, মাহফুজার রহমান ও তসলিমা খাতুন রানীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট পরিচালিত ‘স্ট্রেনথেনিং ডিআরএম স্ট্রাকচারস অ্যান্ড ক্যাপাসিটিস অব দ্য বিডিআরসিএস’ (এসডিএসসি) প্রকল্পে আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ এবং জার্মান রেড ক্রস সহযোগিতা করছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন