
অনলাইন ডেস্ক: খুলনা নগরীতে টাকা চুরির মিথ্যা অপবাদে নির্যাতন চালিয়ে সাজমীর ইসলাম (১৮) নামের এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি।
মঙ্গলবার গভীর রাতে মহানগরীর খানজাহান আলী থানাধীন মহেশ্বরপাশা ও ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে আকাশ (২২) এবং দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে সাকিব (২১)।
এসআরবি-৬ খুলনার মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজমীর খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেট এলাকার একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর আকাশ, সাকিবসহ তাদের সহযোগীরা সাজমীরের বিরুদ্ধে ১ লাখ টাকা চুরির অভিযোগ করেন।
একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে ফেলে রেখে তারা চলে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা সাজমীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় সাজমীরের মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত