
অনলাইন ডেস্ক: গাজীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সমন্বিত উদ্যোগ ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার ওপর জোর দেন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটি আয়োজন করা হয়। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ ও নিরাপদ আশ্রয়ের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ব্যক্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই দুর্যোগ সহনশীল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সচিব এম আশরাফ হোসেন টুলু এবং গাজীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বক্তারা আরও বলেন, জরুরি সময়ে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা ও দুর্গতদের কাছে সহায়তা পৌঁছাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি জরুরি। তরুণ সমাজ ও শিক্ষার্থীদের দুর্যোগ সচেতনতায় যুক্ত করা গেলে পারিবারিক ও সামাজিক পর্যায়ে এ বিষয়ে বার্তা দ্রুত ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট ইউনিটের প্রতিনিধিরা এবং জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্বশীলতার মাধ্যমে দেশের দুর্যোগ ঝুঁকি কমানোর সংকল্প ব্যক্ত করা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন