
অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরি ও বিক্রির অভিযোগ তুলে একটি অসহায় পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে গিয়ে ভুক্তভোগী কৃষক আলামিন (৩৫), আবদুল মতিন (৫৫) ও আবদুল করিমের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, একই গ্রামের শেখ এবি সিদ্দিক (৭২) দীর্ঘদিন ধরে তাঁদের ১১ শতাংশ জমি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করছেন। জমিটিকে পুকুর হিসেবে দাবি করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।
তাঁদের দাবি, জমিটি বর্তমানে তাঁদের দখলে রয়েছে এবং সেখানে কোনো পুকুর নেই। এরপরও ওই কথিত পুকুরের ১ লাখ ৪৪ হাজার টাকার মাছ চুরি করে বিক্রির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী আদালতে চুরি ও মারধরের অভিযোগে সি.আর. মামলা নং-৮০৩ (১)/২০২৬ দায়ের করা হয়েছে বলে তাঁরা জানান।
ভুক্তভোগীরা বলেন, বসতবাড়ির ভিটা উঁচু করতে পাশের নিজেদের জমি থেকে মাটি কেটে বাড়ির চারপাশ উঁচু করা হয়েছে। এতে জমির কিছু অংশে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির সময় সেখানে পানি জমলেও রোদ উঠলে তা শুকিয়ে যায়। তবে সেখানে কখনো মাছ চাষ করা হয়নি বলে তাঁদের দাবি।
তাঁদের অভিযোগ, জমিটি দখল করতে না পেরে শেখ এবি সিদ্দিক তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন এবং বাড়িছাড়া করার চেষ্টা করছেন। এ ঘটনায় প্রশাসনের কাছে তাঁরা সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে শেখ এবি সিদ্দিক বলেন, জায়গাটির মালিক তিনি এবং অন্যরা জোর করে দখল করে আছেন। এ কারণে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল বলেন, তিনি কিছুদিন আগে থানায় যোগ দিয়েছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত নন।
সূত্র: Daily Amader Matribhumi
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত