শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ কাদের গনি চৌধুরীর

সংবাদ প্রকাশের আগে একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী।
সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ কাদের গনি চৌধুরীর

অনলাইন ডেস্ক: ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ (বাসস): সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী।

আজ মঙ্গলবার বাসস কার্যালয়ে সংস্থার সাংবাদিকদের মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্বও। জনগণকে সঠিক, নির্ভুল ও সময়োপযোগী তথ্য দেওয়া, জনমত গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষমতাসীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকতার ভূমিকা রয়েছে।

কাদের গনি চৌধুরী আরও বলেন, সাংবাদিকদের আইন, নৈতিকতা ও পেশাগত আচরণবিধি মেনে চলতে হবে। সংবাদের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ব্যক্তির গোপনীয়তা ও মানবিক মর্যাদার প্রতি সম্মান দেখানো এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। ভুল তথ্য প্রকাশিত হলে দ্রুত সংশোধন ও প্রয়োজন হলে ক্ষমা প্রকাশের মানসিকতা থাকতে হবে।

হিংসা, সহিংসতা ও ধর্মান্ধতা উসকে দিতে পারে—এমন বিষয় প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। মোবাইল সাংবাদিকতাকে ‘ওয়ান ম্যান আর্মি’ উল্লেখ করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে একই ডিভাইসের মাধ্যমে ছবি, ভিডিও ও ভয়েস রেকর্ডিংসহ সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচার করা সম্ভব হচ্ছে।

পিআইবির মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফের সভাপতিত্বে প্রশিক্ষণে বাসসের ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক, চিফ রিপোর্টার (ইংরেজি) জি এম রাজিব হোসেন, চিফ রিপোর্টার (বাংলা) মো. দিদারুল আলম এবং পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন উপস্থিত ছিলেন।

ফারুক ওয়াসিফ বলেন, সংবাদ তৈরির ক্ষেত্রে ঘটনার উপরিভাগের পাশাপাশি এর মানবিক দিকও তুলে ধরতে হবে। তথ্যযুদ্ধের সময়ে তথ্য যাচাই, অপতথ্য ও গুজব শনাক্তকরণ এবং গণমাধ্যম সম্পর্কে সচেতনতা সবার জন্য জরুরি।

প্রশিক্ষণে বাসসের ৩৭ জন সাংবাদিক অংশ নেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box