
অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে করিম সরকার (২৯) নামের এক আউটসোর্সিং ওয়ার্ডবয়ের বিরুদ্ধে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওয়ার্ডবয় আত্মগোপনে রয়েছেন।
করিম সরকার উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে। আউটসোর্সিং প্রক্রিয়ায় তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার কাশিয়াহাটা গ্রামের ওই তরুণী শারীরিক অসুস্থতা ও জ্বর নিয়ে শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। শনিবার ভোরে করিম নারীদের ওয়ার্ডে গিয়ে পরীক্ষার কথা বলে তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর ভাষ্য, অভিযুক্ত তাঁর নাম-ঠিকানা এবং ডেঙ্গু জ্বর হয়েছে কি না জানতে চান। পরে কপাল, গলা, পিঠ ও বুকে হাত দিয়ে জ্বর পরীক্ষা করার কথা বলেন। এ সময় তিনি চিৎকার করে ওঠেন এবং বিষয়টি দায়িত্বপ্রাপ্ত নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
ঘটনার পর করিম দ্রুত হাসপাতাল থেকে চলে যান। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মী দাবি করেন, এর আগেও করিম এক রোগীর সঙ্গে একই ধরনের আচরণ করেছিলেন এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল।
ঘটনার পর হাসপাতালের নারী কর্মীদের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানান ইনডোর ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত বলেন, ভুক্তভোগীর অভিযোগ শোনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জরুরি মিটিংয়ে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন