শনিবার, ৭ নভেম্বর ২০২৬

খুলনায় অস্ত্রসহ আ’লীগ নেতার ভাই গ্রেফতার

খুলনায় সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়ে তার বড় ভাই গোলাম রসুলকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার হয়েছে গুলি ও একটি চাকু।
খুলনায় অস্ত্রসহ আ’লীগ নেতার ভাই গ্রেফতার

অনলাইন ডেস্ক: খুলনা, ১৪ অক্টোবর, ২০২৬ (বাসস): খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্রয়াত আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়ে তার বড় ভাই গোলাম রসুলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১৪১ রাউন্ড পয়েন্ট টু-টু বোরের গুলি, ১৩ রাউন্ড ১২ বোরের শটগানের গুলি ও একটি দুই ধারবিশিষ্ট চাকু উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার উত্তর দেয়ানা এলাকার হোসেন শাহ রোডের ২১২ নম্বর বাড়িতে অভিযানটি চালানো হয়।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম রসুলের শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে ডিবি হেফাজতে রাখা হয়েছে। গোলাম রসুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম রসুল বাদশা কক্সবাজারে গুলিতে নিহত গোলাম রব্বানী টিপুর বড় ভাই। তিনি একটি পত্রিকার খুলনা প্রতিনিধি ও শিক্ষকতা করেন বলেও জানা গেছে।

গ্রেফতারের পর গোলাম রসুল পুলিশকে জানিয়েছেন, অস্ত্রের লাইসেন্স রয়েছে। তবে গুলির কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। গুলিগুলো টিপুর রেখে যাওয়া বলেও তিনি দাবি করেন।

গোলাম রব্বানী টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। গত বছরের ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেল সি-গালের সামনের ফুটপাতের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ভগ্নিপতি ইউনুস আলী শেখ কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box