শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নড়াইলে প্রতিমায় শেষ মুহূর্তের রং-তুলির আঁচড়ে ব্যস্ত শিল্পীরা

নড়াইলে দুর্গাপূজা শুরুর শেষ মুহূর্তে প্রতিমায় রং-তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। জেলায় ৫৪৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
নড়াইলে প্রতিমায় শেষ মুহূর্তের রং-তুলির আঁচড়ে ব্যস্ত শিল্পীরা

অনলাইন ডেস্ক: নড়াইলে শারদীয় দুর্গাপূজা শুরুর শেষ মুহূর্তে প্রতিমায় রং-তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দিন-রাত পালাক্রমে চলছে কাজ; বেশিরভাগ পূজামণ্ডপের সাজসজ্জার কাজও রয়েছে শেষ পর্যায়ে।

নড়াইল শহরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমার গায়ে রং দেওয়া হচ্ছে, আবার কোথাও চলছে অলংকারের কাজ। শিল্পীদের হাতে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরি ও রং-তুলির কাজ শেষ করতে তাদের ব্যস্ততা বেড়েছে।

মাটি, খড় ও বাঁশের কাঠামো থেকে শুরু করে রং ও সাজসজ্জার প্রতিটি ধাপে শিল্পীদের শ্রম ও সৃজনশীলতা রয়েছে। প্রতিমার শেষ সাজসজ্জা দেখতে মণ্ডপগুলোতে ভিড় করছেন অনেকে।

আগামী ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ১৮ অক্টোবর সপ্তমী, ১৯ অক্টোবর অষ্টমী, ২০ অক্টোবর নবমী এবং ২১ অক্টোবর দশমীর পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী উৎসব শেষ হবে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর জেলার তিনটি উপজেলায় মোট ৫৪৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৪৯টি, লোহাগড়া উপজেলায় ১৫০টি এবং কালিয়া উপজেলায় ১৪৪টি মণ্ডপ রয়েছে।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাড. পংকজ বিহারী ঘোষ অন্ন জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে পুলিশ ও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার জানান, পূজার আগে, চলাকালে ও পরে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি মণ্ডপে নারী-পুরুষ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা থাকবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, প্রতিটি মণ্ডপের জন্য ৬শ’ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো ধরনের বিঘ্ন বা অপতৎপরতার চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box