
অনলাইন ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে সড়কের পাশে রেখে যাওয়া ৮ বছর বয়সী ইসরাত ও ১৮ মাস বয়সী শিশু রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সুপারের নির্দেশনায় শিশু দুটির হাতে শিশুখাদ্য ও আর্থিক সহায়তা তুলে দিয়েছে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে জেসমিন আক্তারের সঙ্গে নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। পারিবারিক মনোমালিন্যের জেরে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর জেসমিন দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এর মধ্যে তিনি অন্যত্র বিয়ে করেন।
গত রোববার (১১ অক্টোবর) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন। পরে মোবাইল ফোনে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে ফোন করে সন্তানদের বাজার থেকে নিয়ে যেতে বলেন। নাছির আলম তখন কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন বলে জানান। একপর্যায়ে জেসমিন দুই মেয়েকে বাজারের সড়কের পাশে রেখে চলে যান।
মাকে আশপাশে না পেয়ে শিশু দুটি বাজারে ছোটাছুটি করতে থাকে। তাদের অসহায় অবস্থায় স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে গিয়ে তাদের শনাক্ত করে নিজ বাড়িতে নিয়ে যান। সেখান থেকে শিশু দুটিকে নিজেদের হেফাজতে নেন তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলম।
ঘটনাটি জানার পর শিশু দুটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)। তাঁর নির্দেশনায় মঙ্গলবার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ শিশু দুটির জন্য শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে থানা-পুলিশ শিশু দুটির হাতে উপহার ও আর্থিক সহায়তা তুলে দিয়েছে।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন