শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও অর্থ না পাওয়া সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের নতুন নীতিমালার আলোকে পুনরায় আবেদন করতে হবে।
ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

অনলাইন ডেস্ক: ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।

২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অর্থ পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না। সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে পুনরায় আবেদন করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে উল্লিখিত সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে যেসব আবেদনের বিপরীতে অর্থ বিতরণ করা সম্ভব হয়নি, সেসব অপেক্ষমাণ আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর।

তবে ওই আবেদনগুলো কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৯-এর আলোকে করা হয়েছিল। অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে ‘ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ প্রণয়ন করা হয়েছে।

এ কারণে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদন স্থানান্তর না করে নতুন নীতিমালার আলোকে সংশ্লিষ্ট রোগীদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করে অনুদানের অর্থ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box