
অনলাইন ডেস্ক: এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্য কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বরগুনায় এলপিজি সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ তাগিদ দেন।
১৫ অক্টোবর বরগুনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয়। এতে এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজারে নির্ধারিত মূল্য কার্যকর করা এবং কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ যাচাইয়ের বিষয়ে আলোচনা হয়।
সভায় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সরবরাহে বিঘ্ন ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়। অতিরিক্ত দামে বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, এলপিজি সংকট মোকাবিলায় জেলা প্রশাসকদের মাধ্যমে সরবরাহ পরিস্থিতি তদন্ত, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ যাচাই এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সরবরাহব্যবস্থা সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এলপিজির মতো অত্যাবশ্যকীয় পণ্যের প্রাপ্যতা নিশ্চিত, ভোক্তাদের অতিরিক্ত দামের চাপ থেকে সুরক্ষা এবং বাজারে নির্ধারিত মূল্য কার্যকরের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়। সংকট মোকাবিলা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত