
অনলাইন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পূজামণ্ডপগুলোর অনুকূলে সরকারি চাল ও অনুদানের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান।
অনুষ্ঠানে হিন্দু ফ্রন্টের সভাপতি অমল চন্দ্র বর্মন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সুকুমার সেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা এনসিপির সদস্যসচিব আব্দুল লতিফ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিরা উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি জিআর (খাদ্যশস্য) চালের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।
নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
প্রতিটি মণ্ডপে আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি পুলিশ ও র্যাবের টহল জোরদার থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দল রাখার জন্য পূজা উদযাপন কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বরাদ্দপত্র বিতরণ ও আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা, স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অনুদান ও সহযোগিতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন