
অনলাইন ডেস্ক: রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা’র উদ্যোগে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুল মান্নান।
ভূমিমন্ত্রী বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের দক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পদোন্নতিপ্রাপ্ত সচিবদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বৃহত্তর রাজশাহীবাসীর জন্যও গর্বের বিষয়।
দেশে সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সচিবদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাঁদের সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একইসঙ্গে বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখার পরামর্শ দেন।
মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের সব স্তরে সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সংবর্ধিত পদোন্নতিপ্রাপ্ত সচিবরা হলেন রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ.কে.এম. বেনজামিন রিয়াজী।
অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত সচিবদের সম্মাননা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন