শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

অনলাইন ডেস্ক: সাবেক উপমন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার এক শোকবার্তায় রিজভী বলেন, আব্দুল হাই ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে আস্থাশীল আব্দুল হাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কাজ করেছেন।

রিজভী বলেন, সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী হিসেবে আব্দুল হাই নিজ এলাকাসহ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছেন। তিনি ছিলেন প্রাজ্ঞ, জনঘনিষ্ঠ, সজ্জন ও বিনয়ী রাজনীতিবিদ।

শোকবার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে মানুষের বাক্‌স্বাধীনতা, ব্যক্তি-স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে আব্দুল হাইয়ের সংগ্রাম স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন।

রিজভী মরহুম আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

এদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পৃথক শোকবার্তায় আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box