শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জুলাইয়ে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাইয়ে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য জানান। তিনি বলেন, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজের তথ্য প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রীপা গোমেজের খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলি এলাকায় কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যায়। প্রতিনিধি দলটি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেয় এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।

২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁর ডান চোখের কোটরে গুরুতর আঘাত লাগে এবং একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দৃষ্টিশক্তির জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। নিয়মিত চিকিৎসার ব্যয় এবং শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি। নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা করেও জীবিকা নির্বাহের চেষ্টা করছেন তিনি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box