শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

নড়াইলের গোবরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক: নড়াইল, ১৬ অক্টোবর, ২০২৬ (বাসস): সদর উপজেলার গোবরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তা রানী বিশ্বাস সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন এবং কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন। গোবরা বাজারে পৌঁছানোর পর সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে তারা মুশুড়িয়ার দিকে রওনা হন।

গোবরা মিত্র কলেজের কাছে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মুক্তা রানী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বাসসকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box