শনিবার, ৭ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে: ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে: ভূমিমন্ত্রী মিনু

অনলাইন ডেস্ক: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে এবং মানুষ উচ্ছ্বসিত হবে। দুর্গাপূজার সময়ে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর হিন্দুধর্মাবলম্বীদের জন্য আরও বড় পাওয়া বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এর আগে কোনো সরকারপ্রধান পূজার সময়ে রাজশাহীতে আসেননি। বর্তমান প্রধানমন্ত্রী রাজশাহী ও রাজশাহীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খল, সফল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। নিরাপত্তা ও শৃঙ্খলায় কোনো ত্রুটি না রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রস্তুতি সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box