শনিবার, ৭ নভেম্বর ২০২৬

স্বচ্ছতা ও গতি ফেরাতে সরকারি বাসা বরাদ্দে অনলাইন সেবা চালু: জাকারিয়া তাহের

সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও দ্রুত করতে অনলাইন সেবা চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
স্বচ্ছতা ও গতি ফেরাতে সরকারি বাসা বরাদ্দে অনলাইন সেবা চালু: জাকারিয়া তাহের

অনলাইন ডেস্ক: স্বচ্ছতা ও গতি ফেরাতে সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়ায় অনলাইন সেবা চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

১৫ অক্টোবর সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ, দ্রুত ও জনবান্ধব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জাকারিয়া তাহের বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণ সরকারের অঙ্গীকার। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির ৫৪টি শূন্য বাসার বিপরীতে ৫৯৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য বিবেচিত হয় এবং প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় ২৫৪টি আবেদন বাতিল করা হয়।

আগে সরকারি বাসা বরাদ্দের প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা আরও জনবান্ধব করতে সরকারি আবাসন পরিদপ্তর বাসা বরাদ্দ সেবা স্বয়ংক্রিয় করেছে। এর ফলে বরাদ্দপ্রত্যাশীরা অনলাইনে সহজেই ফলাফল জানতে পারবেন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box