শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
নজরুলের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’ শীর্ষক আয়োজনে কবির সাহিত্য, সংগীত, জীবনদর্শন এবং বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, সম্প্রীতি, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারেরও কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে। জীবনদর্শন ও সৃষ্টিকর্ম যথাযথভাবে চর্চার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, নজরুলের কবিতা, গান ও অন্যান্য সাহিত্যকর্মে মানুষের মুক্তি, অধিকার ও মর্যাদার কথা উঠে এসেছে। অন্যায়, অবিচার, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর অবস্থান এখনও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে নজরুলের রচনা পড়া, গান শোনা এবং তাঁর জীবনসংগ্রাম সম্পর্কে জানার জন্য উৎসাহিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও নজরুলচর্চা বিস্তৃত করার উদ্যোগ নিতে হবে।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্ম, বর্ণ ও শ্রেণির বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের পরিচয়কে প্রাধান্য দেওয়ার শিক্ষা নজরুল দিয়েছেন। তাঁর এই দর্শনকে আলোচনা সভা বা আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনেও ধারণ করতে হবে।

তিনি নজরুলের সাহিত্যকর্ম সংরক্ষণ, গবেষণা ও প্রচারের ওপর গুরুত্ব দেন। অপ্রচলিত গান, কবিতা ও অন্যান্য রচনা সংগ্রহ করে নতুন প্রজন্মের কাছে সহজলভ্য করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কবির সৃষ্টিকর্ম দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা নজরুলের রচনায় প্রতিবাদ, মুক্তির আকাঙ্ক্ষা, প্রেম, প্রকৃতি, আধ্যাত্মিকতা ও মানবিক অনুভূতির প্রকাশ তুলে ধরেন। আলোচনা সভা শেষে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box