
অনলাইন ডেস্ক: নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরে কাশবাগানে কথা, কবিতা ও গানে বর্ণাঢ্য ‘শরৎ উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শহীদ খান।
আলোচনায় কবি এনামুল হক পলাশ বলেন, জনগণের সংস্কৃতি ছাড়া অন্য কোনো সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে সংস্কৃতির কাল্ট বানানো যাবে না, তবে বাংলাদেশের সংস্কৃতি থেকে তাকে আলাদা করার সুযোগও নেই। রবীন্দ্রনাথের সমালোচনা করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি বৌদ্ধ সহজিয়া সাধু, সুফি, চৈতন্য, লালন, রবীন্দ্রনাথ ও নজরুলসহ কাউকে বাদ না দেওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে কবি লোকান্ত শাওন, কবি অনিন্দ্য জসিম, কবি বকুল মাস্টার, কবি দুনিয়া মামুন ও কবি সজীম সাইমসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পরে ‘সবুজ সুরের সন্ধানে’ সিজন-১-এর শীর্ষ দশে স্থান পাওয়া শিল্পী মিজানুর রহমান কাঞ্চন ও তাঁর দল সংগীত পরিবেশন করেন।
সোমেশ্বরী নদীর চরে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন