
অনলাইন ডেস্ক: উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সব ধরনের ভেদরেখা অতিক্রম করে মানুষকে ঐক্যবদ্ধ করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও উৎসব সবার। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও সম্প্রীতির বার্তা সব সম্প্রদায়ের মানুষের জন্য। বিভিন্ন ধর্মের মানুষের একত্রিত হওয়া এ উৎসবের সম্প্রীতির বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি।
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দুর্গাপূজার শুভ উদ্বোধনে অংশ নেওয়াকে আনন্দের বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রদীপের আলো ও উষ্ণতা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলে মানুষের মধ্যকার ক্লেদ, গ্লানি ও সংকীর্ণতা দূর করে মানবিক ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের কথা উল্লেখ করেন।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পূজার নিরাপত্তা নিশ্চিত করতে এক মাস আগে থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং জেলা পর্যায়েও নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা পূজা উদ্যাপন কমিটির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছেন। বিএনপি ও সরকারের পক্ষ থেকে পূজামণ্ডপ ও মন্দিরগুলোর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। এ উৎসব ধর্মীয় পরিচয়ের বাইরে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি করে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত