
অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশ তরুণরাই পরিচালনা করবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলার কাজ এখন থেকেই শুরু করতে হবে।
তিনি বলেন, রাজধানী ঢাকায় বিপুলসংখ্যক মানুষের বসবাস হওয়ায় শহর পরিচ্ছন্ন রাখা কঠিন হলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশের সঙ্গে জনস্বাস্থ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ রোগব্যাধির ঝুঁকি বাড়ায়। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগে আগামী নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাস্তা, খাল, নদী ও জলাশয়ে ময়লা-আবর্জনা না ফেলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিএনসিসি ও স্কাউট সদস্যদের মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ রাস্তায় ময়লা ফেললে তাকে বোঝাতে এবং প্রয়োজনে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে সহযোগিতা করতে হবে।
ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি জানান, ২০০৪-০৫ সালের দিকে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত একটি সংগঠনের মাধ্যমে শুধু ঢাকা শহরে প্রায় ৮০ হাজার নিমগাছের চারা রোপণ করা হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্যরা।
ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শনে বের হন। এর অংশ হিসেবে তিনি মিরপুর বাংলা কলেজ পরিদর্শন করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন